
মাহাবুবুর রহমান বিশেষপ্রতিনিধি:
লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমাকে কেন্দ্র করে জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, ইসলামী জীবনব্যবস্থা, দ্বীনের দাওয়াত ও মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে।
ইজতেমা সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ প্রস্তুতিসহ সার্বিক আয়োজনের কার্যক্রম চলছে। মুসল্লিদের নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ইজতেমার মাধ্যমে মুসল্লিদের মধ্যে ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ আরও জোরদার হবে।



























