
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২২ নভেম্বর ( রবিবার) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে গারোপাড়া এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এ সময় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভারতীয ওষুধ জব্দ করা হয় । জব্দকৃত ভারতীয় ওষুধের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা বলে জানায় বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।



























