
শাহিন মিয়া, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৩ নভেম্বর ২০২৬ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডিডিএম ঢাকা-এর ভিজিডি-২ এর উপপরিচালক জনাব কাজী মোঃ লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোঃ বদরুদ্দোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাথী দাস।
এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মজনু মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বজ্রপাতের সময় নিরাপদে থাকার উপায়, ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলা, মাঠে বা খোলা স্থানে অবস্থানকালে করণীয় এবং বজ্রপাতের আগে ও পরে সতর্কতা অবলম্বনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ সময় বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া, বিদ্যুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং হাওরাঞ্চলে কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণে বজ্রপাত সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া এবং প্রাণহানি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধি ও জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।



























