
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন মোল্লা (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের দেওভোগ হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন মোল্লা নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য হাশেমবাগ এলাকায় যান। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁদের ধাওয়া করে। আব্দুস সাত্তার দৌড়ে পালাতে সক্ষম হলেও আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাত সাড়ে ১১টার দিকে তারেক আল মেহেদী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগের তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর অপরাধী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।



























