
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে অটো-ভ্যান চালককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটো-ভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় আত্রাই উপজেলার ইসলামগাঁথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুল আজিজ প্রামানিকের ছেলে অটো-ভ্যান চালক মো. মেহেদী হাসান মোস্তাক (২৪) আহসানগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়ায় ভবানীপুর ও ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে ভ্যানটি ভাড়া করেন। সেখানে পৌঁছে দুই-তিন মিনিট অপেক্ষার পর ওই যাত্রীদের নিয়ে পুনরায় আত্রাইয়ে ফিরছিলেন চালক মেহেদী। পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে পেছন থেকে এক যাত্রী লোহার রড দিয়ে চালকের মাথায় আঘাত করে এবং অপরজন হাতে আঘাত করলে মেহেদী রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে দুর্বৃত্তরা ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করলে এক মোটরসাইকেল আরোহী ঘটনাটি দেখে টহলরত পুলিশকে খবর দেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইকৃত ভ্যানসহ হৃদয় হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে, তবে তার অপর সহযোগী পালিয়ে যায়।
আত্রাই থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি দস্যুতার মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



























