
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপ জব্দ করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে রূপগঞ্জ থানার নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম ও তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০) ও মো. নাদিম (২০)।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের কাছ থেকে ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক বহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এসআরবি-১১ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।




























