
জেলা প্রতিনিধি (ভোলা)ঃ
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬৫) নামে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর আপন বড় ভাই মো. সহিদ (৬৬)-এর বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় পর মো. শহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল জলিল সকালে তাঁর নিজ সুপারি বাগান থেকে সুপারি পাড়তে গেলে তাঁর বড় ভাই মো. সহিদ এতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে গলা চেপে ধরেন। এতে আব্দুল জলিলের দম বন্ধ হয়ে মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. সহিদ উভয়েই মৃত মনু মিয়ার ছেলে। তাঁরা লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়ির বাসিন্দা।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামকে একাধিকবার কল করলে ও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




























