
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি :
‘লালপুরের মাটিতে যুবলীগ-ছাত্রলীগের কোনো জায়গা হবে না। যেখানে তাদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে’-এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল এবং উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহিনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। লালপুরে এসব সংগঠনের কোনো ধরনের তৎপরতা বরদাশত করা হবে না। তাদের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তাঁরা।
এ সময় সাবেক ছাত্রনেতা ফিরোজ উদ্দিন, উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুবদল নেতা মিরাজুল ইসলাম, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, হাবিবুল বাশার ও মিন্টু রহমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।




























