
মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার আনোয়ারা। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বেশ কয়েকটি উপজেলাসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ এই উপজেলা দিয়ে গেছে। শাহ আমানত সেতু পেরিয়ে কর্ণফুলী উপজেলা হয়ে দক্ষিণ চট্টগ্রামে প্রবেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি আনোয়ারা-পটিয়া সড়ক। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কের জয়কালী বাজার থেকে ছত্তারহাট পর্যন্ত মাত্র তিন কিলোমিটার অংশে রয়েছে ২৭টি বাঁক। এর মধ্যে ছয়টি বাঁক এতটাই ঝুঁকিপূর্ণ যে স্থানীয়দের কাছে পরিচিত ‘আন্ধা বাঁক’ নামে। এসব বাঁকে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন চালক ও যাত্রীরা।
সড়কের দুই পাশের ঘরবাড়ি ও গাছপালার কারণে এসব বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দেখা যায় না। ফলে সামান্য অসতর্কতা কিংবা অতিরিক্ত গতিতে ঘটতে পারে বড় দুর্ঘটনা। স্থানীয়দের ভাষায়, সড়কের এই অংশ যেন এক মরণফাঁদ।
সরেজমিনে দেখা গেছে, জয়কালী বাজার থেকে ছত্তারহাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে একের পর এক বাঁক। এর মধ্যে কয়েকটি বাঁক এতটাই ঝুঁকিপূর্ণ যে বিপরীত দিক থেকে আসা গাড়ির অবস্থান আগে থেকে বোঝার উপায় নেই। বিশেষ করে অপরিচিত চালকেরা এসব বাঁকে বেশি ঝুঁকিতে পড়েন।
সড়ক ব্যবহারকারীরা জানান,আনোয়ারা-পটিয়া সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি তুলনামূলক সরু হওয়ায় বিপরীত দিক থেকে আসা গাড়িকে পাশ কাটিয়ে চলাচল করাও কঠিন। সড়কটি প্রশস্ত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণ করা গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
ডুমুরিয়ার স্থানীয় বাসিন্দা মো. নাজিম উদ্দিন বলেন, আনোয়ারা-পটিয়া সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো অনেক সময় চালকেরা বুঝতে পারেন না। অতিরিক্ত গতি নিয়ে আসার পর এসব বাঁকে দুর্ঘটনা ঘটে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অপরিচিত চালকেরা বেশি ঝুঁকিতে পড়েন। তাই বাঁকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
গত শুক্রবার ডুমুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মো. রুবেল। দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই সড়কের বাঁকগুলো অত্যন্ত বিপজ্জনক। বাঁকের কারণে সামনে থেকে আসা গাড়ি দেখা যায় না। একটু অসতর্ক হলেই দুর্ঘটনার শিকার হতে হয়। সড়কটি দ্রুত সংস্কার ও ঝুঁকিপূর্ণ বাঁকগুলো নিরাপদ করার দাবি জানান তিনি।
পথচারী আমজাদ হোসেন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। বিশেষ করে বাঁকগুলোতে পথচারীদের রাস্তা পারাপারেও ঝুঁকি রয়েছে। দ্রুতগতির গাড়ি কখন কোন দিক থেকে চলে আসে, তা বোঝা কঠিন। দুর্ঘটনা এড়াতে বাঁকগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।
সিএনজিচালক বেলাল উদ্দিন বলেন, এই সড়কে গাড়ি চালানো বেশ কঠিন। একটি গাড়ি নিয়ে বাঁকে প্রবেশ করলে বিপরীত দিক থেকে অন্য গাড়ি আসছে কি না, তা বোঝা যায় না। সড়কটি প্রশস্ত করা এবং বিপজ্জনক বাঁকগুলো সরলীকরণ করা হলে চালকদের জন্য চলাচল অনেকটা নিরাপদ হবে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর আশপাশে থাকা গাছপালা ও ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হবে, যাতে চালকেরা দূর থেকেই বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পারেন। পাশাপাশি যেসব স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড ও সংকেতচিহ্ন নেই, সেসব স্থানে দ্রুত প্রয়োজনীয় সংকেতচিহ্ন স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শুধু গাছপালা পরিষ্কার ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করলেই হবে না, ঝুঁকিপূর্ণ বাঁকগুলো স্থায়ীভাবে নিরাপদ করার উদ্যোগ নিতে হবে। সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণের পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে মনে করছেন তাঁরা।




























