
জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় স্বাস্থ্য, পুষ্টি ও জন্মনিবন্ধন সেবা একত্রীকরণ বিষয়ক ত্রৈমাসিক পরিকল্পনা, সমন্বয় ও পুনর্মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত সভায় কারিগরি সহযোগিতা প্রদান করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং কৌশলগত সহযোগিতায় ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশীর শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা সমন্বয়কারী ত্রিদ্বীপ কুমার চক্রবর্তী, মনিটরিং অফিসার দ্বিপায়ন দাস, ট্রেনিং অফিসার হুমায়ুন কবির, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
সভায় বক্তারা মা ও শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এ কর্মসূচির আওতায় স্বাস্থ্যসেবা, পুষ্টি উন্নয়ন ও শিশুর জন্মনিবন্ধন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
তৃণমূল পর্যায়ের উপকারভোগীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সমন্বিতভাবে প্রয়োজনীয় সব সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বিগত তিন মাসের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী তিন মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।




























