
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।
শুক্রবার (২৩ মে) মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় অস্ত্রের মুখে গৃহকর্তার স্ত্রী ও মেয়েকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে ডাকাত দল।
বাড়ির মালিক মোশারফ মোল্লা জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে একদল ডাকাত বাড়ির সীমানা প্রাচীর টপকে দোতলা ভবনের কেচিগেটের তালা কেটে ও ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর অস্ত্রের মুখে তার স্ত্রী রুমা বেগম ও মেয়ে ঋতু আক্তারকে জিম্মি করে ফেলে। ডাকাতরা ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, প্রায় ১০ থেকে ১৩ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী বলছেন, রাতে পুলিশের টহল না থাকায় ডাকাতরা সহজে অপারেশন চালাতে পেরেছে। তারা দ্রুত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





























