
এস এম খলিলুর রহমান (রাজু) বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। ঐতিহ্যবাহী বানিয়াচংয়ের পর্যটন খাতের বিকাশ, সার্বিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করতে হবে। এখানকার দর্শনীয় স্থান ও পর্যটন সম্ভাবনার চিত্র বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে তুলে ধরলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে বানিয়াচং আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও বলেন, “এশিয়ার বৃহত্তম গ্রাম ও ঐতিহ্যবাহী এই জনপদে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কমলা রানীর দিঘি, বিথঙ্গল আখড়া, লক্ষ্মীবাঁওড় জলাবনসহ এখানকার ঐতিহাসিক স্থানগুলোর উন্নয়ন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করব। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সরকারি সেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।”
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, সাংবাদিক যোবায়ের আহমদ, মাওলানা বদরুল আলম আনসারী প্রমুখ। এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে সাংবাদিকরা বানিয়াচংয়ের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার সংস্কার, যানজট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে নানা গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি তারা প্রশাসনের যেকোনো ইতিবাচক ও উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন



























