
মোঃ সম্রাট আলী দৌলতপুর(কুষ্টিয়া)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাজারের মাদ্রাসা গলিতে অবস্থিত খোকন টেলিকম, সোহেল সু প্যালেস ও একটি সেলুনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ কামনা করেছেন।




























