
নারায়ণগঞ্জ সদর উপজেলার শহরের হাজীগঞ্জ এলাকায় শুরু হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিজয়স্তম্ভ চত্বরে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের অকুতোভয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নারায়ণগঞ্জের ইতিহাসে নতুন একটি গৌরবময় অধ্যায় যুক্ত করবে।”
স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





























