
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এসএসসি পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালনে অবহলোর কারণে ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) উপজেলা সদরে অবস্থিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বহিস্কৃতরা হলেন, আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা ইতি রানী চক্রবর্তী ও শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনিতা দেবনাথ। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, সোমবার আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংক পরীক্ষা চলাকালিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে উক্ত ২ শিক্ষিকাকে দায়িত্ব পালনে অবহেলা করতে দেখেন। তাৎক্ষণিক তাদের অব্যাহতি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সচিবকে নির্দেশ প্রদান করেন।



































