
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শারীরিকভাবে অক্ষম ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ১২ জন শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের হাতে একটি করে হুইল চেয়ার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়, যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।





























