
রায়গঞ্জ প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি আয়োজন করেছে সামাজিক সংগঠন ছওয়াব।
শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই রুদ্রপুর বাজারে অবস্থিত আল মদিনা নূরানী মডেল মাদ্রাসা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রীণ ফেয়ারের প্রতিষ্ঠাতা ও বৃক্ষ জননী খ্যাত মোছা. মাহবুবা খাতুন, ছওয়াবের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী মো. ইউসুফ আলী,আল আরাফাহ গ্রুপের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম উজ্বল, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান,ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, আল মদিনা নূরানী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. মোজাফফর হোসাইন, এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
এ সময় বক্তারা বলেন,“গাছ প্রকৃতির প্রাকৃতিক বায়ু ফিল্টার হিসেবে কাজ করে। এটি কার্বন-ডাই অক্সাইডসহ বিভিন্ন দূষক শোষণ করে বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে। গাছ তাপমাত্রা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব কমাতে সহায়তা করে। তাই খালি জায়গা পেলেই আমাদের গাছ রোপণ করা উচিত।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া কেবল পরিবেশ সংরক্ষণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজায়নের প্রতি অনুপ্রাণিত করবে।"





























