
মোঃ ইব্রাহিম হোসেন : সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সাংবাদিককে অবরুদ্ধ করে হেনস্তা করেছে একাধিক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। সংবাদ পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা খানেক পর অবরুদ্ধ সাংবাদিককে উদ্ধার করে।
জানাগেছে, সোমবার দুপুর ১২ টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে ইংরেজি দৈনিক এশিয়ান এজ পত্রিকার সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সদস্য কাজী রেজাউল করিম বিপ্লবের উপর চড়াও হয় ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। পরে বিপ্লব নিজেকে রক্ষা করতে দোতলায় আরএমও সাইদুল ইসলামের রুমে গিয়ে আশ্রয় নেয়। এসময় বিক্রয় প্রতিনিধির ৮/১০ জনের দল লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলার চেষ্টা করে। এসময় সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকেরা কাজী বিপ্লবকে উদ্ধার করে।
এ বিষয়ে কাজী বিপ্লব জানান, আমি কিছু বুঝে উঠার আগেই হঠাৎ ওষুধ কোম্পানির লোকেরা আমার উপর চড়াও হলে আমি দ্রুত আরএমও এর রুমে গিয়ে আশ্রয় নেই। কিন্তু, সেখানে গিয়েও আমার উপর হামলার চেষ্টা করে। তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দুর্নীতির ভিডিও চিত্র প্রকাশ করেছিলাম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলার চেষ্টা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কথা বলতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাকে পাওয়া যায়নি।





























