
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি যানবাহনকে জরিমানা ও ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ (কাঁচপুর রাজস্ব সার্কেল) এবং মঞ্জুরুল মোর্শেদ (সোনারগাঁও) এর যৌথ নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সোনারগাঁ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।





























