
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার মুন্সীরচর পূর্বপাড়া এলাকায় ফজলুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে তলপেটে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে হত্যা পর লাশ গাছের সঙ্গে ঝুঁলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ও এলাকাবাসি জানায়, নিহত ফজলুল হক মুন্সিরচর গ্রামের মৃত সমেজ উদ্দিনের পুত্র। দীর্ঘদিন ধরে তার সাথে তার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। হত্যাকারীরা তাকে পাশবিক নির্যাতনের পর তলপেটে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা পর তার কাটা লাশ গাছের সঙ্গে ঝুঁলিয়ে রাখে।
খবর পেয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনাটি অত্যন্ত নির্মম ও জঘন্য। প্রাথমিকভাবে পারিবারিক শত্রুতার বিষয়টি জানা গেলেও আমরা বিভিন্ন দিক বিবেচনায় তদন্ত শুরু করেছি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।





























