
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে শিক্ষার্থীদের বাঁচাতে হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে আমিজউদ্দীন পেট্রল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কিশোরগঞ্জগামী ‘ইটনা পরিবহন’ বাসটি চলন্ত অবস্থায় মাঝের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে শিক্ষার্থী তুলছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। তাদের বাঁচাতে ‘ইটনা পরিবহন’ বাসটি হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধারকাজ চালিয়ে বাসটি সরিয়ে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।





























