
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সোনারগাঁও থানার এসআই মোহাম্মদ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালান।
এসময় চট্টগ্রামগামী “জে.বি পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো-ব-১১-১৬৮৩) থামানো হলে পুলিশ বাসে উঠে যাত্রীদের তল্লাশি করে। সন্দেহভাজন হিসেবে সি-৩ সিটে বসা মো. সৈয়দুল আমিন (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার মাথাভাঙ্গা বড়ডেইল এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
তল্লাশিতে তার হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ইয়াবা জব্দ করে তালিকা প্রস্তুত করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





























