
রানীনগর ( নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও স্মারক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অন্যদিকে, দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা পরিষদ মিলনায়তনে আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে তিনি দেশে গণতন্ত্র সুসংহত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মান্নান এবং মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. চকলেট প্রাং, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।























