
মোঃ সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজালাল নামে এক ব্যক্তিসহ ১০ থেকে ১৫ জন জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন।
পরিবারের সদস্যদের অভিযোগ, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন মাদক কারবারিরা।
গত বৃহস্পতিবার রাতে আবুল কালাম বাড়িতে গেলে শাহজালাল নামে এক ব্যক্তি ফোন করে তাঁকে ডেকে নেন। পরে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁর হাত-পা ভেঙে ডান পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল কালামের বাবা আব্দুল মালেক বলেন, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁর ডান পায়ের রগ কেটে দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























