
শাহিন মিয়া, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম বাজার জামে মসজিদের তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করার অভিযোগকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মসজিদের মেয়াদোত্তীর্ণ সভাপতি ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তহবিলের হিসাব না দেওয়া, হিসাব চাইতে গেলে দলীয় প্রভাব দেখিয়ে হুমকি প্রদান এবং মসজিদের অর্থ ব্যক্তিগত ব্যবসায় ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় মুসল্লিরা।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুসল্লিদের পক্ষে মো. শাহাব উদ্দিন ঠাকুর (নোয়াব) সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁদের অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, পূর্ব অষ্টগ্রাম বাজার জামে মসজিদের মেয়াদোত্তীর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় দুই বছর ধরে মসজিদের তহবিলের আয়-ব্যয়ের হিসাব মুসল্লি এবং মসজিদ কমিটির কাছে প্রকাশ করছেন না। মুসল্লিরা বারবার হিসাব জানতে চাইলে তাঁদের দলীয় প্রভাব দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া মসজিদের তহবিলে জমা হওয়া অর্থ ব্যক্তিগত ব্যবসা পরিচালনায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। এতে মসজিদের অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
মুসল্লিদের বক্তব্য, মসজিদ কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। ধর্মপ্রাণ মুসল্লিদের দান, অনুদান ও বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থ একটি পবিত্র আমানত। এ অর্থের প্রতিটি টাকার যথাযথ হিসাব থাকা এবং তা মুসল্লিদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করা সংশ্লিষ্ট কমিটির নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।
তাঁরা আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্র স্থান এই স্থান কুলষিত করেছে শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব ।
শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব এর সাথে যোগাযোগ করতে গেলে তিনি বলেন,আমি মিটিং এ ব্যস্ত আছি।






























