
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:
চট্টগ্রামের বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা রিভার ভিউ পার্কের সৌন্দর্যবর্ধন কাজ বাস্তবায়ন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং অসহায় প্রতিবন্ধী পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে বোয়ালখালী পৌরসভা।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা রিভার ভিউ পার্ক পরিদর্শন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এ সময় তিনি ফিতা কেটে পার্কের নবনির্মিত নৌঘাট উদ্বোধন করেন।
পরে বোয়ালখালী পৌরসভার কধুরখীল ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে ঝড়-বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করা প্রতিবন্ধী শ্যামল দাশ ও নির্মল দাশের হাতে পৌরসভার অর্থায়নে নির্মিত নতুন ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন পৌর প্রশাসক ও বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, ইউপি সদস্য এনামুল হক সজীব, পৌর প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও পার্কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি অসহায় প্রতিবন্ধী পরিবারের আবাসন নিশ্চিত করার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয়।































