
আবদুল কাদির,স্টাফ রিপোর্টার :
জনসাধারণের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রতিকার ও সরকারি সহায়তা দিতে শেরপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর/২৬)জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরকারি কাজে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থান করায় তাঁর পক্ষে গণশুনানি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১২৪ জন সেবাপ্রার্থী চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা,বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা,ভূমি সংক্রান্ত সমস্যা ও নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণশুনানিতে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া একজনকে হুইলচেয়ার এবং অন্য একজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়।
অন্য সেবাপ্রার্থীদের আবেদন ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঠানো হয়েছে। পাশাপাশি সমস্যার ধরন ও গুরুত্ব বিবেচনায় যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুর নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজন করছে।




























