
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুর
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পৌনে ১ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার কিছু সময় আগে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম এনায়েতপুর তালতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সারাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, সকাল ৯টা ৫৭ মিনিটে ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের পৌনে ১ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।





































