
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অনলাইনে যুক্ত হয় মুরাদনগর উপজেলা প্রশাসন। উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশে প্রয়োজনীয় সুযোগ তৈরি করা। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সৃজনশীল এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে মুরাদনগরের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়াবিদরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।




























