
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে সেনবাগ উপজেলার কবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
পুলিশ জানায়, ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে সংগ্রহ করে নোয়াখালীর চরজব্বর হয়ে নরসিংদীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় মিনি ট্রাকের চালক মো. শাহেদ (৩৫) পালিয়ে যায়।
এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



























