
আবু রায়হান টাঙ্গাইল বুরো:
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের দুই দিনব্যাপী বর্ণাঢ্য অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মিলনমেলায় স্মৃতিচারণ, ক্যারিয়ারবিষয়ক সেমিনার, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে পুরো বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার (৫ ও ৬ নভেম্বর) এফটিএনএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় দীর্ঘদিন পর একত্রিত হন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রথম দিন স্মৃতিচারণ ও ক্যারিয়ারবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এতে সাবেক শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে দিকনির্দেশনা দেন।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, “অ্যালামনাইরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। কর্মক্ষেত্রে অ্যালামনাইদের সাফল্য ও অবদান বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এমন মেলবন্ধন বিভাগের প্রাতিষ্ঠানিক ও গবেষণামূলক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।”
দ্বিতীয় দিন সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এফটিএনএস বিভাগের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও কেক কেটে মিলনমেলার আনন্দ উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। অ্যালামনাইদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এই বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। আপনাদের যেকোনো অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় আপনাদের পাশে থাকবে। পাশাপাশি আপনারা শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন বলে আমরা আশাবাদী।”
দিনের শেষ পর্বে বিকেল থেকে সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমন্ত্রিত শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দুই দিনব্যাপী এ আয়োজনজুড়ে ছিল পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা, স্মৃতিচারণ, ছবি তোলা ও খোশগল্প। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক শিক্ষার্থীরা।
আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতার জন্য সদস্য সচিব ড. মো. জাহাঙ্গীর আলম বিভাগের শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সফল করার পেছনে সবার সমান অবদান রয়েছে। আশা করছি, এই মিলনমেলা আমাদের নতুন দিগন্তের সূচনা করবে এবং সবাইকে সফলতার দিকে ধাবিত করবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও বিভাগের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




























