
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের লালপুরে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে লালপুর ইউনিয়ন বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
লালপুর হলমোড় চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে লালপুর হাসপাতাল ও থানা মোড় হয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথে মাধবপুর, মঞ্জিল পুকুর, বিশ্বম্ভরপুর, মমিনপুর, রামকৃষ্ণপুর, বালিতিতা, ইসলামপুর, রামানন্দপুর, জোতদৈবকী, বুধপাড়া, বুধিরামপুর, দেবরপাড়া, লালপুর কলেজ মোড়, উত্তর লালপুর ও দক্ষিণ লালপুর এলাকা ঘুরে পুনরায় লালপুর হলমোড় চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
দুই শতাধিক মোটরসাইকেলের এই বহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রবিউল ইসলাম রবি ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। তিনি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।




























