
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে সোনাচরা এলাকার ঢাকেশ্বরী বাজারে ওই ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তার মিজান সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সাড়ে ১২টার দিকে ঢাকেশ্বরী বাজারের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার মিজানকে বন্দরের মালামত এলাকার মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানে তাঁর কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে।
বন্দর থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




























