
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেল্লার মূল ফটকের প্রায় ৫০ মিটার পূর্বে বাউন্ডারি দেয়ালসংলগ্ন ঝোপ থেকে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান চালায় র্যাবের একটি বিশেষ দল। অভিযান চলাকালে ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কেল্লার বাউন্ডারি দেয়ালসংলগ্ন ঝোপের ভেতর থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























