
মোঃ রহমত মন্ডল, তারাগঞ্জ (রংপুর )প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত 'সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬'-এ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৩৮ (৮) এর সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, এমপি। তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, "আজকের এই ৩৯ জন শিক্ষার্থী আমাদের পুরো তারাগঞ্জের গর্ব। তাদের কঠোর পরিশ্রম ও মেধা আজ রঙিন সাফল্য এনে দিয়েছে। এই তরুণরাই আগামী দিনে দেশকে আলোর পথ দেখাবে।" এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।সংবর্ধনা অনুষ্ঠান শেষে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি তারাগঞ্জের পূর্বনির্ধারিত অন্যান্য সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন। বিকেল সাড়ে তিনটায় তিনি তারাগঞ্জ ইসকন মন্দিরে আয়োজিত 'শুভ জন্মাষ্টমী মহোৎসব-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং এক শোভাযাত্রায় অংশ নেন।এরপর সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত 'মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট' এর ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



























