
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ২৮শে অক্টোবর ২০০৬ সালের আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনীদের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও মিছিল পূর্ববর্তী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ২৮শে অক্টোবর বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা জেলা দক্ষিণের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা আমির হারুনুর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল করিম, উপজেলা জায়াতের নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন ও মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসেম মোল্লা ও মাওলানা ইয়াছিন মজুমদার প্রমূখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠার মাধ্যমে পল্টনে যে পৈশাচিক তাণ্ডব ও নজিরবিহীন হত্যাকাণ্ড চালিয়েছিল, তা মানবতাবিরোধী অপরাধের শামিল। বক্তারা উক্ত হত্যাকাণ্ডের শিকার শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং ইতিহাসের এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।
আলোচনা সভা শেষে ২৮শে অক্টোবরের শহীদদের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল নাঙ্গলকোট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।




























