
নওগাঁয় বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক অফিস, বগুড়ার যৌথ উদ্যোগে সদর উপজেলায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, অভিযানে সদর উপজেলার হাপানিয়া এলাকার ‘মক্কা মদিনা ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানটিকে বিএসটিআই লাইসেন্স ছাড়াই সরিষার তেল মোড়কজাত ও বাজারে বিক্রির দায়ে ‘বিএসটিআই আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।





































