
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনগুলোর চারটি হর্ন জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার অভিযানে প্রসিকিউশন দেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




























