
সাআদ মাহমুদ। হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। পরিদর্শনকালে তাঁরা ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুই উপজেলার সীমান্ত নিরাপত্তা নিয়েও কথা বলেন।
শনিবার গভীর রাতে হালুয়াঘাট থানা ভবনের নিচতলায় অবস্থিত সেরেস্তা কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে থানার দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত কক্ষগুলো ঘুরে দেখেন এবং আগুনে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ ও আগুন নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তাঁদের অবহিত করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্ত নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, দুই উপজেলার প্রায় ৩১ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে প্রশাসন, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।
তিনি বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হালুয়াঘাট ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এএসপি সার্কেল, দুই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজিবির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি ডিজিএফআই ও এনএসআইসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক স্থান ও পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সীমান্ত নিরাপত্তায় নিজের সার্বক্ষণিক যোগাযোগের বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য বলেন, হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের রাতেও রাত ২টার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে ফোন করে বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর তাঁকে পুনরায় পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে বলা হয়। এভাবেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত এলাকা সুরক্ষিত রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





































