
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুর
গাজীপুরের কাশিমপুরে জমি কেনাবেচার টাকা নিয়ে বিরোধের জেরে পাওনাদারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কবির আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন মোঃ বাবুল আহমেদ (৩৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি বিক্রির বায়না বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় সাইফুল মার্কেটের সামনে পাওনা টাকা চাইতে যান বাবুল আহমেদ। এ সময় অভিযুক্ত কবির আলম ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এ সময় বাবুলকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়দের সহায়তায় আহত বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত কবির আলমকে আটক করে শনিবার বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে। পরে অভিযুক্ত কবির আলমকে আটক করে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























