
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ও সাতবাড়িয়া ইউনিয়নে সরকারি ল্যাট্রিন নির্মাণ ও বিতরণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩-২৪ অর্থ বছরের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে চন্দনাইশে ৮ ইউনিয়নে নির্মিত হয়েছে স্যানিটরি ল্যাট্রিন। ওয়ার্ক অর্ডারের আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের কাজ নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার হাশিমপুর ৩নং ওয়ার্ডে আবুদস ছবুর, সাজিয়া বেগম, মীর কাসেম, মো. সাইফুল, ভুট্টা দে, জোসনা দে, সাইরা বেগম, মো. জাকের, আবদুল ক্দ্দুুস, মুন্সি মিয়াসহ অনেকেই তাদের ল্যাট্রিন নির্মাণ না করার অভিযোগ করেছেন। পাশাপাশি হাশিমপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম নবী চৌধুরী গত ২ নভেম্বর সরকারি ল্যাট্রিন না পাওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন প্রকল্পের ঠিকাদার ও হাশিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম। তিনি বলেন, মূল ঠিকাদার ঢাকার, তিনি সাব-কন্ট্রাকে কাজ করেছেন। কাজটি প্রায় ৩ বছর পূর্বে যথাযথ নিয়ম মেনে ও অডিট দলের সরেজমিন পরিদর্শনের মাধ্যমেই সম্পন্ন করা হয়েছিল। প্রকল্পটি ২০২৩-২৪ অর্থবছরের ওয়ার্ক অর্ডারের অন্তর্ভুক্ত ছিল এবং সে সময়কার নিয়ম অনুযায়ীই কাজ বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে ঢাকা থেকে আসা একটি বিশেষ অডিট দল সরেজমিনে প্রতিটি ল্যাট্রিন পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে এবং যাবতীয় তথ্য কেন্দ্রীয় সার্ভারে আপলোড করেছেন। প্রকল্পের নীতিমালা অনুযায়ী, যেসব বাড়িতে আগে থেকেই পাকা ঘর রয়েছে, সেখানে সরকারি ল্যাট্রিন স্থাপন না করার কঠোর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা মেনেই প্রকৃত দরিদ্র ও পাকা ঘরবিহীন সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী কাজ করা হয়েছিল। প্রকল্প বাস্তবায়নের সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট ও জটিলতার কথা তুলে ধরে ফাহিম জানান, প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয়ভাবে ক্ষমতাসীন ও প্রভাবশালী রাজনৈতিক দলের লোকজন তার কাছ থেকে জোরপূর্বক কাজ নিয়ে নিজেরাই ল্যাট্রিন বণ্টন করেছেন। প্রকল্পে ২২৯টি এবং পার্শ্ববর্তী সাতবাড়িয়া ইউনিয়নের জন্য ২২৯টিসহ ৪৫৮টি ল্যাট্রিন নির্মাণের কাজ তিনি পেয়েছিলেন। সরকারি ভ্যাট, আয়কর ও অন্যান্য সব ধরনের কর্তন শেষে প্রতিটি ল্যাট্রিনের বিপরীতে তিনি মাত্র ২৫ হাজার টাকা করে বিল পেয়েছেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবির বড়ুয়া বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে মানব সম্পদ প্রকল্পের আওতায় সরকার প্রতিটি ইউনিয়নে এসকল ল্যাট্রিন হতদরিদ্র পরিবারের বিনামূল্যে নির্মাণ করে দেওয়া হয়। নির্মাণের প্রায় ২ বছর পর কেন এ ধরনের অভিযোগ উত্তাপন হচ্ছে তিনি বোধগম্য নয় বলে জানান। তাছাড়া অনেক সুবিধাভোগী পরিবার ল্যাট্রিন নির্মাণের পাশাপাশি নিজেদের উদ্যোগে গোসলখানা নির্মাণের জন্য ঠিকাদারের কাছ থেকে ল্যাট্রিনের সরঞ্জাম বুঝে নিয়ে নিজেরাই তা স্থাপন করেছেন। ফলে নির্মাণের ধরন বা কাঠামোতে কোথাও কিছুটা ভিন্নতা দেখা যেতে পারে। এ প্রকল্পটি বাস্তবায়নের পর ওয়ার্ল্ড ব্যাংকের নিজস্ব লোক তদারকি করে ২০২৪ সালে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। অভিযোগকারীরা সার্বিক বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত অডিট রিপোর্ট যাচাই করে আইনগত পদক্ষেপ গ্রহনের দাবি জানান।




























