
বিশেষ প্রতিনিধি:
একটি ঘরের দরজা বন্ধ। ভেতরে ছয় বছরের মেয়েকে নিয়ে অবস্থান করছেন বাবা। বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন স্বজনেরা। সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল আতঙ্ক। একপর্যায়ে নিজের মেয়ের গলায় ছুরি ধরে রাখেন বাবা। অসহায় স্বজনেরা তাঁদের উদ্ধারে কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। পরে পাশের বসতঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় বাবা ও মেয়েকে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (২৮)। তাঁর মেয়ের বয়স ছয় বছর।
পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন নাছির। তবে গত চার মাস ধরে ওষুধ সেবনের মাত্রা কমিয়ে দেওয়ার পর তাঁর আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়।
পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন নাছির। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা তাঁদের ঘর থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু দুপুরের দিকে লোকজন জড়ো হতে শুরু করলে হাতে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখাতে থাকেন তিনি। একপর্যায়ে নিজের মেয়ের গলায় ছুরি ধরে রাখেন। এতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্বজনেরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে পাশের একটি বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করেন তাঁরা। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সন্ধ্যা ৭টার দিকে বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
ঘটনার পর নাছিরকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পরিবারের সদস্যদের অনুরোধে চিকিৎসার জন্য তাঁকে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নাছিরের ভাই মো. শাহজাহান জানান, তাঁর ভাইয়ের চিকিৎসার ইতিহাস রয়েছে। তবে ওষুধের মাত্রা কমিয়ে দেওয়ার পর থেকেই তাঁর আচরণে পরিবর্তন দেখা দেয়। ঘটনার দিন খবর পেয়ে বাড়িতে এসে ভাই ও ভাতিজিকে ঘরের ভেতরে আটকে থাকতে দেখেন। তাঁদের উদ্ধারের চেষ্টা করেও সফল হননি।
এদিকে নাছিরের পোশাকশ্রমিক স্ত্রীর আয়ে বর্তমানে তাঁদের সংসার চলে। দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন তাঁরা।
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পাশের একটি বসতঘরের টিন খুলে তাঁরা ওই কক্ষে প্রবেশ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ঘরে আটকে থাকা বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, নাছিরের হাতে একটি ছুরি রয়েছে। তিনি তাঁর সঙ্গে থাকা মেয়েকে ঘর থেকে বের হতে দিচ্ছিলেন না এবং কাউকেও ঘরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়। এরপর নাছিরকে থানায় নেওয়া হয়। পরিবারের সদস্যদের অনুরোধে চিকিৎসার জন্য তাঁকে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।





































