
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী। রাস্তার পাশে জমিতে ফসল রক্ষার জন্য দেওয়া বাঁশের খুঁটির বেড়ায় মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার সাকোয়া-চন্দনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে মো. সাদিক (১৬) এবং সাকোয়া ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রাহাত (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং শেষে তিন কিশোর একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পরে তারা সাকোয়া-চন্দনবাড়ী সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে চলার একপর্যায়ে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে জমিতে ফসল রক্ষার জন্য দেওয়া বাঁশের খুঁটির বেড়ার সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া ও ফুলবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। অল্প বয়সে দুই কিশোরের এমন মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


























