
মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):
চট্টগ্রামের আনোয়ারা-পটিয়া আঞ্চলিক মহাসড়কের জয়কালী বাজার থেকে ছত্তারহাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে একাধিক স-মিল। এসব স-মিলের সামনে ও আশপাশে সড়কের দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে গাছের গুঁড়ি ও কাঠের টুকরো। কোথাও কোথাও কাঠ পরিবহনের গাড়ি থেকে সড়কের পাশেই নামানো হচ্ছে গাছ। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়কের ব্যবহারযোগ্য জায়গা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সামান্য অসতর্কতায় গাছের গুঁড়ি গড়িয়ে মূল সড়কে চলে এলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, জয়কালী বাজার থেকে ছত্তারহাট যাওয়ার পথে ইন্দ্র ঠাকুর সেতুর পাশে একটি স-মিলের সামনে সড়কের দুই পাশে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি ও কাঠের টুকরো স্তূপ করে রাখা হয়েছে। আশপাশের আরও কয়েকটি স-মিলের সামনেও একই চিত্র দেখা গেছে। কাঠ পরিবহনের গাড়ি থেকে গাছ নামানো এবং সড়কের পাশে স্তূপ করে রাখার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিপরীত দিক থেকে যানবাহন এলে চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যস্ত এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। সড়কের পাশে অরক্ষিতভাবে গাছের গুঁড়ি রাখায় যেকোনো সময় সেগুলো গড়িয়ে মূল সড়কে চলে আসার আশঙ্কা রয়েছে। এতে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
সিএনজিচালক মো. কাহিল বলেন, ‘সড়কের দুই পাশে রাখা গাছের গুঁড়িগুলো দেখলে ভয় লাগে। বিশেষ করে গাড়ি নিয়ে চলাচলের সময় আতঙ্কে থাকতে হয়। এসব গাছের গুঁড়ি গড়িয়ে সড়কে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত এগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন।’
পথচারী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত যাতায়াত করে। সড়কের দুই পাশে যেভাবে গাছের গুঁড়ি রাখা হয়েছে, তাতে একটু এদিক-সেদিক হলেই সেগুলো গড়িয়ে রাস্তায় চলে আসতে পারে। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, ‘সড়কের পাশে এভাবে গাছের গুঁড়ি ও কাঠের স্তূপ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের বারবার সতর্ক করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত এসব কাঠ ও গাছের গুঁড়ি উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অনুযায়ী জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের দাবি, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কের দুই পাশ থেকে গাছের গুঁড়ি ও কাঠ সরিয়ে নিতে হবে। একই সঙ্গে সড়কের জায়গা ব্যবহার করে কাঠ রাখা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


























