
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র সীমিত জনবল ও যানবাহন নিয়েই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল, অপরাধ প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় দায়িত্ব পালন করছেন তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সবুর জানান, এ তদন্ত কেন্দ্রে কোনো মামলা রেকর্ড হয় না। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, বর্তমানে তদন্ত কেন্দ্রটিতে দুইজন উপপরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৬ জন কনস্টেবল কর্মরত রয়েছেন। তবে এলাকার পরিধি ও দায়িত্বের তুলনায় জনবল আরও প্রয়োজন। অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগ করা হলে টহল ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।
যানবাহন সংকটের বিষয়ে ওসি আব্দুস সবুর বলেন, বর্তমানে একটি মাত্র জিপ গাড়ি দিয়ে তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ গাড়ি দিয়ে রাত্রীকালীন টহলসহ বিভিন্ন দায়িত্ব পালন করা বেশ কষ্টসাধ্য। বিশেষ করে বিস্তৃত এলাকায় একসঙ্গে নজরদারি ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ক্ষেত্রে অতিরিক্ত যানবাহনের প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, রাত ৮টা থেকে ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা, সাদুল্লাপুর-বামনডাঙ্গা এবং রংপুর-বামনডাঙ্গা সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা টহল ও নজরদারি চালিয়ে থাকেন। এসব সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে থাকে।
এ ছাড়া মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সীমিত জনবল ও একটি মাত্র জিপ গাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করাসহ নিয়মিত দায়িত্ব পালন করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় প্রয়োজনীয় জনবল বৃদ্ধি ও অতিরিক্ত যানবাহন বরাদ্দ দেওয়া হলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের টহল কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

































