
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাঘাটা কর্তৃক এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে উসমানের পাড়ায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে হাঁপানি থেকে মহিমাগঞ্জ রোড পর্যন্ত বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এলজিইডি সাঘাটার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা ও ফুলছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর, উপজেলা ইঞ্জিনিয়ার নয়ন রায় ,সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হাজী, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুলিপ, সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গঠনে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে এলাকাবাসীর মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয় এবং সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।





























