
আলোকিত সকাল প্রতিবেদক
বাংলাদেশ আমজনগণ পার্টি দেশের ৪০টি জেলার কমিটি গঠন সম্পন্ন করেছে। আগামীকাল ২২ জুন নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের শেষ দিন উপলক্ষে দলটি নিবন্ধনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে।
দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ৪০টি জেলা কমিটি গঠন করে ইতোমধ্যেই সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা হয়েছে।
ঘোষিত জেলা কমিটিগুলোর মধ্যে রয়েছে:
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, বান্দরবান, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, খাগড়াছড়ি, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর, সিরাজগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও নোয়াখালী জেলা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে এবং আগামীকাল তা জমা দেওয়া হবে।
“এসো একসাথে মোরা দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আমজনগণ পার্টি এগিয়ে যাচ্ছে। দলটির মূলমন্ত্র হচ্ছে— “শিক্ষা, সমতা ও সুবিচার”, এবং সেই আদর্শকে ধারণ করে দেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি।
নিবন্ধনের পরিপূর্ণতা অর্জন করে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে দলটি ইতোমধ্যে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে।




























