
মোঃ সম্রাট আলী, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রস্তাবিত কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল (কুষ্টিয়া ইকোনমিক জোন) এর অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভেড়ামারার সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় উক্ত স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। এসময় ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল হক চন্দন, ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল-হাদী ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এস.আল হুসাইন সোহাগ সহ প্রমূখ উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বরাবর ভেড়ামারা এসিল্যান্ডের নিকট স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চর মোকারিমপুর, আরাজিসারা ও চর রুপপুর মৌজায় কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পের জন্য নির্ধারিত খাস জমি বেজার নিকট হস্তান্তরও করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ভেড়ামারায় প্রায় ৪২০ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলো। যার প্রাক্কালিত ব্যায় ধরা হয়েছিলো প্রায় ৬,৮৪০ থেকে ৭,১৬৮ কোটি টাকা। জমি অধিগ্রহন ও সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হওয়ার পরও বিগত সময়ে আমলাতান্ত্রিক জটিলতা ও বিদেশী বিনিয়োগ নির্ভর দীর্ঘসূত্রিতার কারণে দীর্ঘ এক দশক মাঠপর্যায়ের কাজ স্থবির হয়ে আছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও পাবনা সহ পার্শ্ববর্তী অঞ্চলের লক্ষাধিক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে ও জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখবে।
ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়াতে শুভাগমণ উপলক্ষে তারেক রহমানের কাছে আমাদের কুষ্টিয়া ও ভেড়ামারাবাসীর প্রাণের দাবী অবিলম্বে কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চলের সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ সড়ক ও ইউটিলিটি সংযোগ সহ অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত শুরু করার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ উন্মুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।



























