
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগারটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে একই উদ্যোগের আওতায় গত মাসে ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পাঠাগার উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জন, সৃজনশীল চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।



























