
আলমগীর হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধিঃদিনাজপুর জেলার খানসামা উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও ডলার প্রতারক আনারুল ইসলামকে অবশেষে গ্রেফতার করেছে খানসামা থানা পুলিশ। ৫ই আগস্টের ভয়াবহ ঘটনায় পাকেরহাট প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ভাংচুর ও লুটপাটের নেতৃত্বে ছিলেন এই আনারুল।পুলিশ সূত্রে জানা যায়, পাকেরহাট এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেয়ার পিছনে এই সন্ত্রাসীর পরিকল্পনা ছিল। ওই দিন তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল প্রেসক্লাবে হামলা চালায় এবং সাংবাদিকদের মালিকানাধীন অনেক মূল্যবান সম্পদ নষ্ট করে। একই সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও চালানো হয় ভাংচুর ও দালিলিক কাগজপত্র লুটের ঘটনা।আনারুল ইসলামের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। বিশেষ করে 'ডলার প্রতারণা' মামলায় তিনি বহুবার পুলিশের হাতে ধরা পড়েছেন। 'ভেজালের মোড়' নামে পরিচিত এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে ডলার লেনদেনের নামে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এবার সেই চক্রের মূল হোতা আনারুলসহ আরও দুই সদস্যকেও গ্রেফতার করেছে পুলিশ।খানসামা থানার ওসি নজমুল হক জানান, “আমরা দীর্ঘদিন ধরে আনারুলের ওপর নজরদারি রেখেছিলাম। স্থানীয় জনগণের সহযোগিতা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চাওয়া হবে।”আনারুল ইসলামের এই গ্রেফতারে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রেসক্লাবের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আনারুল ও তার চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।





























